Friday, August 7

সৌরভ দত্ত:
ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে চলেছে সংগীতের চরম উন্মাদনার মাধ্যমে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা প্রথমবারের মতো পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল গান ‘দাই দাই’।

এ বার শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, সমাপ্তি অনুষ্ঠানও থাকছে বিশ্বকাপ ফুটবলে, যা এর আগে কখনও হয়নি। ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে সেই অনুষ্ঠানও মাতাবেন শাকিরা। সঙ্গে আবার থাকবেন ম্যাডোনা ও বিটিএস।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তার প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে শাকিরা ও বার্না বয়ের পাশাপাশি পারফর্ম করবেন জে বালভিন, টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস এবং মানা-সহ একাধিক আন্তর্জাতিক তারকা শিল্পী।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ আজও ফুটবলপ্রেমীদের অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ থিম সং। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল গানের মাধ্যমে ফুটবলের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান এই তারকা। এবার তাঁর সঙ্গী বার্না বয়। তাঁদের নতুন গান ‘দাই দাই’ ইতিমধ্যেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।

ফিফার মতে, ‘দাই দাই’ শুধু একটি বিশ্বকাপ থিম সং নয়, এটি ফুটবল, সংস্কৃতি এবং শিক্ষার মাধ্যমে বিশ্বকে একত্রিত করার বার্তা বহন করবে। গানটি ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সঙ্গেও যুক্ত, যার লক্ষ্য বিশ্বের শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ আরও বাড়িয়ে তোলা।

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এই আসরে, যা যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ১১ জুন মেক্সিকো সিটিতে ফুটবলের বিশ্বযুদ্ধের যবনিকা উঠবে। আর সেই সূচনাকে স্মরণীয় করে তুলতেই ফুটবল ও সংগীতের বিশ্বতারকারা এক মঞ্চে হাজির হতে চলেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version