Friday, August 7

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:
আগামী ২২ জুন বাজেট। তার আগে আজ উত্তরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী, স্বপন দাশগুপ্ত। আগামী সপ্তাহে দূর্গাপুরে রয়েছে বৈঠক। তার আগে বৃহস্পতিবার উত্তরের সকল ব্যবসায়ী, শিল্পপতিদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব নেওয়া হল দফতরের তরফ থেকে।
উত্তরবঙ্গ সফরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৃহস্পতিবার সকালেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। বাগডোগরায় নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু বিজেপি সরকারের কাছে উত্তরবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্য বাজেটের আগে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রত্যাশা কী রয়েছে, তা খতিয়ে দেখতে চাই।”
উত্তরের চা, পর্যটন, আম, জিএসটি, পরিকাঠামো নিয়ে আলোচনা হল এদিনের বৈঠকে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৈঠক শেষে জানান, “এখনই সব সমস্যার সমাধান সম্ভব নয়। কিছু বিষয় নিয়ে দিল্লির সঙ্গে কথা হবে।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “শিলিগুড়িতে জিএসিটি’র আপিল ট্রাইব্যুনাল করার প্রস্তাব। ন্যায্য দাবি। এটা হলে বহু সমস্যার সমাধানও উত্তরবঙ্গে হবে।”
অর্থমন্ত্রী উত্তরবঙ্গবাসীকে আশ্বাস দিয়ে বলেন, “এখন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার।” পাশাপাশি পূর্বতন সরকারকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, “এর আগে কেন্দ্র-রাজ্যের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। পায়ে পা লাগিয়ে ঝগড়া হত। আগেকার অর্থ বিভাগ কী ভাবে চলত সবাই জানে। আগে বাজেট তৈরি হত ট্রেডমিলে। আমাদের সরকারের উদ্দ্যেশ্য আলাদা।”
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, “এবারে ৮ মাসের বাজেট হবে। আগামী দিনে দিশা কী ! কোন দিকে যাব আমরা ! তার ছবি তুলে ধরব বাজেটে। উত্তরবঙ্গকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তারই প্রমাণ হল রাজ্যের প্রথম বুলেট ট্রেন শিলিগুড়ি থেকে ছাড়বে।
অর্থ খাতে আগামী দিনে কী পরিকল্পনা রাজ্যের? অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, “সারা পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ব্যবসা, শিল্প, শিক্ষা গুরুত্ব পাবে। বিজনেস ফ্রেণ্ডলি সরকার হবে। যেভাবে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে, আবার আগের অবস্থানে ফিরতে চাই আমরা।”
প্রসঙ্গত, রাজ্য বাজেটের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় সেখানকার মানুষদের দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হতেই উদ্যোগী রাজ্যের নয়া অর্থমন্ত্রী। দুর্গাপুরের বৈঠকের আগে বৃহস্পতিবার উত্তরকন্যা পৌঁছে সেখানকার শিল্পপতি, বণিকমহল ও অন্যান্য শ্রেণীর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে আগামী বাজেটের রূপরেখা তৈরি করতে তৎপর অর্থমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version